দুই বিচারপতিকে গ্রেপ্তার ও দেশজুড়ে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বিরোধীদলের ৯ নেতার মুক্তির আদেশ বাতিল করেছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার বিরোধীদলের ওই নয় নেতাকে মুক্তির আদেশ দিয়ে জারি করা রুলটি প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের তিন বিচারপতি।
দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি ও দুই বিচারপতি গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মাথায় আদেশ বাতিল করে বিবৃতি দেন তারা।
বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্টের উদ্বেগ আমলে নিয়ে আদেশটি প্রত্যাহার করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি আদালতের সিদ্ধান্ত পাল্টানোকে সরকারের চাপের প্রভাব বলে উল্লেখ করেছে।
'মূল সিদ্ধান্ত'টি বাতিলের জন্য প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন চাপ দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।