সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব ঘৌতায় দিনে ৫ ঘণ্টা হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি শুরুর নির্দেশ দেন তিনি।
সেইসঙ্গে ঘৌতায় অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে মানবিক করিডোর দেওয়ার কথাও বলেছেন পুতিন। স্থানীয় সময় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোউগু প্রেসিডেন্টের পক্ষে এই ঘোষণা দেন।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ঘৌতার নিয়ন্ত্রণ নিতে এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। আর তাদের সহায়তা দিয়ে আসছে রাশিয়া।
চলমান হামলায় গত আট দিনে কমপক্ষে সাড়ে ৫শ মানুষের প্রাণহানি হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত শনিবার একমাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর হামলা অব্যাহত রাখে সরকারি বাহিনী।