মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়াবিষয়ক শীর্ষ উপদেষ্টা লিসা কার্টিস শুক্রবার তিন দিনর সফরে ঢাকায় আসছেন।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হক লিসার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন লিসা।
এছাড়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পরিদর্শনে শনিবার কক্সবাজার যাবেন তিনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, লিসার এ সফরে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গটি গুরুত্ব পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত "ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে" বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে।
গত বছরের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চপর্যায়ের এটি প্রথম সফর।