রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর আক্রমণ বন্ধ— এমনকি তাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের কথা স্বীকার না করায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকারদের স্মরণে প্রতিষ্ঠিত ওয়াশিংটনের এই জাদুঘর কর্তৃপক্ষ বুধবার এক চিঠিতে বলেছে সুচির পুরস্কার প্রত্যাহারের সিন্ধান্ত নেওয়া তাদের জন্য কঠিন ছিল। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেড় দশক গৃহবন্দিত্বে কাটানো সু চিকে ২০১২ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্মানজনক এলি উইসেল পুরস্কার দেওয়া হয়েছিল। নোবেলজয়ী উইসেল ছিলেন এই জাদুঘর প্রতিষ্ঠাতাদের একজন।
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন অং সান সু চি।
রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এবং এর নিন্দা না জানানোয় ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড আ্যাওয়ার্ড, ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্যের এ দুই শহর কর্তৃপক্ষ।