উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠকে বসার আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী মে মাসে ঐতিহাসিক এ বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই কর্মকর্তারাই কিমের দাওয়াতপত্র ট্রাম্পের কাছে পৌঁছে দিয়ে জানান, পারমাণবিক ও মিসাইল পরীক্ষার কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে উত্তর কোরিয়া নেতা সম্মত হয়েছেন। পাশপাশি পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়েও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, এক টুইট বার্তায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশ গ্রহণের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে থাকে।
এরই পরিপ্রেক্ষিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পারমাণবিক বোমা হামলা নিয়ে গত কয়েক মাসে পাল্টাপাল্টি হুমকির পর এ ঘটনাকে ইতিবাচক হিসেবে মনে করা হচ্ছে।