বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের অংশীদার হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে ৫০০ একর জমি দেওয়ার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী।
ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সিঙ্গাপুর, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর আজ সাংরিলা হোটেলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি, ডিজিটাল গভার্নমেন্ট ট্রান্সফর্মেশন বিষয়ে একটি এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে সকালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নামকরণ করা হয়-- শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ন্যাশনাল অর্কিড গার্ডেন ঘুরে দেখেন।
এদিকে, নেপালে বাংলাদেশের বিমান দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। মঙ্গলবার বিকাল ৫টা ৫০ মিনিটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।