নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের পর পরিচয় নিশ্চিত হলেই বাংলাদেশে মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী শাহজাহান কামালের সঙ্গে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রীর বৈঠকের পর এ কথা জানানো হয়।
শাহজাহান কামাল বলেন, পোস্টমর্টেমের পর মরদেহ শনাক্ত হলে দেশটির কিছু নিয়ম-কানুন শেষে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
বৈঠকের পর নেপালের সেনাপ্রধানের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সঙ্গে তারা সরাসরি যুক্ত না হলেও প্রয়োজনে যে কোনো ধরণের সহযোগিতা করবে। বিমান দুর্ঘটনা তদন্তের পুরো বিষয়টি এখন পর্যন্ত নেপাল সরকার দেখছে।
নেপাল সেনাপ্রধান জানান, ব্ল্যাকবাক্সের তথ্য না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যাবে না। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য এর তদন্ত করা জরুরি।
এদিকে, এ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে। আহত ২০ জন এখনো নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।