নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩০ জনের ময়নাতদন্ত শেষে ৮ জনের পরিচয় মিলেছে। ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. প্রমোদ শ্রেষ্ঠা বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন। এছাড়া ঝলসে যাওয়ার কারণে বাকি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এদিকে, নিহতদের ডিএনএ'র নমুনা সংগ্রহের জন্য ছয় সদস্যের মেডিকেল টিম ও দুইজন সিআইডি কর্মকর্তা সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। অন্যদিকে, আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনুমতি পেয়েছেন।
আর নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন তারা।
নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. প্রমোদ শ্রেষ্ঠা বৃহস্পতিবার জানিয়েছেন, নিহত ৩০ জনের ময়নাতদন্ত শেষে মাত্র ৮ জনের পরিচয় মিলেছে। ঝলসে যাওয়ার কারণে বাকি মরদেহ শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ড. প্রমোদ শ্রেষ্ঠা বলেন, যদি কোনোভাবেই শনাক্ত করা না যায়, তবে নিহতের ডিএনএ পরীক্ষা করা হবে।
এদিকে, নিহতদের ডিএনএ'র নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের মেডিকেল টিম সকালে নেপালের পথে রওয়ানা হয়েছে। তারা অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহযোগিতা দেবেন। তাদের সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দুইজন সদস্যও রয়েছেন।
আর আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনুমতি পেয়েছেন বলে নেপালে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বুধবার।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, কয়েকদিনের মধ্যেই সবাই দেশে ফিরতে পারবেন তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।