ফ্লোরিডার ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে প্রাণহানির এক মাসের মাথায় ভয়াবহ ওই ঘটনা স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে গণবিক্ষোভে রাস্তায় নেমেছে বিভিন্ন হাইস্কুলের ছাত্র-ছাত্রীসহ অন্যান্য কর্মীরা।
বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল থেকে বিক্ষোভমিছিল শুরু হয়ে পশ্চিম দিকে এগিয়ে যায়। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্কুল প্রশাসনের কর্মচারী, অভিভাবক এবং বন্ধু-বান্ধবদেরকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা। ওই হামলায় নিহত ১৭ জনের স্মরণে ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ রেখে এক মুহূর্ত নিরবতাও পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বন্দুক সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি এ ধরনের সহিংসতা বন্ধে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে দায়ী করছে তারা।
গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডায় পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুধারীর এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়। ঘটনার পর আটক ওই স্কুলের বরখাস্ত হওয়া সাবেক শিক্ষার্থী নিকোলাস ক্রুজ দায় স্বীকার করেছেন।