নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্ত শেষ হচ্ছে—বলে জানিয়েছেন কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। শুক্রবার বিকেলে কাঠমাণ্ডুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. সোহেল মাহমুদ বলেন, রোববারের মধ্যে মরদেহ শনাক্ত করা সম্ভব হবে। সোমবার নাগাদ হস্তান্তর করা হতে পারে।
এ সময় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, আগামী সোম-মঙ্গলবারের মধ্যে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হতে পারে। দুই দেশের প্রতিনিধিদের নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৬ মাসের মধ্যে কমিটির রিপোর্ট পাওয়া যেতে পারে বলেও জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের এ রাষ্ট্রদূত।
এদিকে, এক সংবাদ সম্মলনে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাক রাজকুমার ছত্রী বলেন, নেপালে ইউএস বাংলার বিমান নামার সময় অবস্থান ঠিক ছিলো না। ক্যাপ্টনকে সিগন্যাল বোঝনোর ক্ষেত্রে গ্রাউন্ড কন্ট্রোলের কোনো ভুল ছিল না।
উল্লেখ্য, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত ৮ জনের মরদেহ শনাক্ত করা গেছে। এছাড়া আহত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জন নেপালের হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে রেজওয়ানুলকে কাঠমান্ডুর ওএম হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
এছাড়া আরো ৪ জন দেশে ফেরার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।