গাজা-ইসরায়েল সীমান্তে সংঘর্ষে গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাড়ে তিনশ' জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
বিবিসি সূত্র মতে, অবরুদ্ধ গাজা উপত্যাকায় ভূমি দিবস উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে এখন উত্তাল গাজা-ইসরায়েল সীমান্ত। ইসরায়েলের সঙ্গে সীমান্তে ৬ টি স্থানে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়ে বিক্ষোভ করছে, তারা সেখানে তাবু খাটিয়েছে। গ্রেট মার্চ অব রিটার্ন নামের এ বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত ও সাড়ে তিনশ জন আহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, সীমান্তে দাঙ্গা ঠেকাতেই ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। ১৯৭৬ সাল থেকে বছরের ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ভূমি দিবস পালন করে আসছে।
তারা ওই দিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা।