গণহত্যার দায়ে অভিযুক্ত গুয়াতামালার সাবেক একনায়ক ইফরাইন রায়স মন্ট (৯১) রোববার মারা গেছে। আশির দশকে মন্ট লৌহমানব হিসাবে দেশটিকে শাসন করেন এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধকালে গণহত্যার জন্য অভিযুক্ত হন।
মন্টের একজন আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রয়াত সাবেক শাসক মন্ট তার বাসায় পরিবার পরিজনের উপস্থিতিতে মারা গেছেন। মৃত্যুর পর পারিবারিক এক আনুষ্ঠানের মাধ্যমে তাকে সমাহিত করা হয়। সেখানে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও অনুসারীরা উপস্থিত ছিলেন।
তার দাফনের সময় তার শাসনামলে নিহতদের পরিবারের সদস্যরা নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।
মন্টেকে ১৯৮২-৮৩ সালে আদিবাসী লিক্সিল মায়া সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৭৭১ জনকে হত্যার হুকুমদাতা হিসাবে দায়ি করা হয়, যা দেশটির ৩৬ বছরের গৃহযুদ্ধের সময়ে সবচেয়ে বেশী আলোচিত হত্যাকান্ড হিসাবে পরিচিত।
জাতিসংঘের হিসাব মতে, ১৯৯৬ সালে শেষ হওয়া এই গৃহযুদ্ধে দেশটিতে মোট দুই লাখ লোক প্রাণ হারায়।
সূত্র: এএফপি