অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তাদের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সায়মা ওয়াজেদ হোসেন বলেন, অটিজম আক্রান্তদের বিশেষ করে মেয়ে ও নারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে যা তাদের প্রয়োজন।
অটিজম আক্রান্ত ব্যক্তিদের সফল, ক্ষমতায়িত ও কর্মক্ষম ব্যক্তিতে পরিণত করতে সমন্বিত ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত "অটিজম আক্রান্ত নারী ও মেয়েদের ক্ষমতায়ন" শীর্ষক প্যানেল আলোচনায়ও অংশ নেন সায়মা ওয়াজেদ হোসেন।