গাজা-ইসরায়েল সীমান্তে নতুন করে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টা করলে সেনারা গুলি ছোড়ে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতকে বাধা দেয়ার প্রতিবাদে সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছে।
তবে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সীমান্তে বিক্ষোভ মিছিল করা হচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের।
এক সপ্তাহ আগে ঠিক একই জায়গায় বিক্ষোভ-সংঘর্ষে ১৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েকশ ফিলিস্তিনি আহত হওয়ার পর শুক্রবার আবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
এদিকে, সংশ্লিষ্ট সব পক্ষকেই সংঘাত এড়িয়ে চলা এবং যথাসম্ভব সংযত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।