ভারতের উত্তরপ্রদেশের খুশিনগরে বৃহস্পতিবার একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮ জন। বাসটিতে ২০ থেকে ৩০টি শিশু ছিল বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।
এনডিটিভি সূত্র মতে, রক্ষীবিহীন রেল লাইন ক্রস করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্কুল বাসটি৷ এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়েছে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
এদিকে, এক সঙ্গে এত শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো উত্তরপ্রদেশ জুড়ে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখতে গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এ নিয়ে চলতি মাসে ভারতে স্কুল শিশুদের বহনকারী দ্বিতীয় আরেকটি বাস দুর্ঘটনায় পড়ল। এর আগে ৯ এপ্রিল হিমাচল প্রদেশে একটি স্কুলবাস ১০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে ২৩ শিশু ও চার অভিভাবক নিহত হয়েছিলেন।