রোহিঙ্গা প্রত্যাবাসনের বাস্তবসম্মত পরিবেশ সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।
দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার ও উন্নয়নমূলক সংস্থাগুলোকে রাখাইনে প্রবেশাধিকার দিতে চান সু চি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তাদের সঙ্গে চুক্তির ভিত্তিতে কাজ করতে চান মিয়ানমার নেত্রী। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের ব্যাপারে আলোচনা করবেন সু চি। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা বাড়ার ধারাবাহিকতায় সু চি সেই বৈঠকে জাতিসংঘের নিয়োগকৃত বিশেষ দূতকে নিয়ে আলোচনা করতে পারেন।
তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের প্রধান সাম্প্রতিককালে মন্তব্য করেছেন, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও স্থায়ীভাবে শরণার্থীদের মিয়ানমারে ফেরত যাওয়ার অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি। সেই অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব মিয়ানমার সরকারেরই।