রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-নিপীড়নের পর এবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য কাচিনে আদিবাসী খ্রিস্টানদের ওপর নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।
বিবিসি জানিয়েছে, আদিবাসীদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে সেনারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে চীন সীমান্তের দিকে।
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের প্রধান মার্ক টালি জানিয়েছেন, সেনাদের অত্যাচারে এ পর্যন্ত চার হাজার সংখ্যালঘু খ্রিস্টান ঘরছাড়া হয়েছেন।
পর্বতময় এ অঞ্চলের ১৮টি শহরের মধ্যে ৯টিতেই বিদ্রোহী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি-কেআইএ এর সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাদের। কেআইএ জানিয়েছে, লড়াই আরো তীব্র হয়ে উঠতে পারে।
মিয়ানমারের সামরিক বাহিনী ওই অঞ্চলে আরো সৈন্য, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে।
ওই এলাকার মানবিক পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ার আশংকা করছেন বিশ্লেষকরা।
এদিকে কাচিনে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধের উল্লেখ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস-ইউএনএইচআর।