তেহরানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পাদিত চুক্তি ক্ষুণ্ণ করে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে ইরান। তবে তেহরান এ দাবিকে হাস্যকর আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের হাতে ইরানের গোপন পরমাণু কর্মসূচি সংক্রান্ত নথির অনুলিপি রয়েছে। তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে। বারবার হুমকি দিলেও চুক্তি থেকে বের হয়ে যাননি তিনি।
আগামী ১২ মে ট্রাম্প চুক্তি নবায়নের সিদ্ধান্ত না নিলে আবারও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে তেহরান। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের প্রমাণ থাকার দাবি তুললো ইসরায়েল। ইউরোনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান।