যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়েআ আগ্নেয়গিরিতে মঙ্গলবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে জ্বালামুখ দিয়ে ব্যাপক ছাইভষ্ম আকাশের দিকে অনেক উঁচুতে উঠে তারপর ছড়িয়ে পড়ছে। ছাইভষ্ম চারদিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বাতাসের দূষণ পরিমাপ বিষয়ক সতর্কতা জারি করেছে। এছাড়াও একটি বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকান রেড ক্রস জানায়, আগ্নেয়গিরির বিরূপতার কারনে বিঘ্ন সৃষ্টির ফলে ৫০০ জন লোক রোববার রাতে (১৩ মে) তাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, লাভার বিস্ফোরণ এটাই প্রমাণ করে যে, আগ্নেয়গিরিটি আরও বিস্ফোরক হয়ে উঠছে।
মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে প্রতিষ্ঠান জানিয়েছেন, "বৃহত্তর ছাই মেঘ উৎপন্ন আরও বিস্ফোরক কার্যকলাপ হতে পারে এবং পূর্বাপর কোন সংকেত ছাড়াও তা ঘটতে পারে।"
এছাড়া, এ ব্যাপারে হাওয়াইয়ান কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কিলাউয়ার একটি জ্বালামুখ দিয়ে পাথর ও গ্যাসের ধোঁয়া আকাশের দিকে উঠে আবার দক্ষিণপশ্চিম দিকে পড়ছে। কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য রেড এলার্ট জারি করে জানিয়েছে, ছাই ১০ থেকে ১২ হাজার ফিট উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে।
আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে পারে বলে সতর্ক করে কর্তৃপক্ষ মানুষকে খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছে। বিগ আইল্যান্ডে নতুন একটি ফাটল দিয়ে এই অগ্ন্যুৎপাত হয়েছে। সেখানেই জ্বালামুখটি অবস্থিত। এই নিয়ে ৩ মে থেকে মোট ২০টি লাভা নির্গমনকারী ফাটল সৃষ্টি হল।