টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে পুলিশের হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস সাংবাদিকদের বলেন, স্যান্টা ফি হাই স্কুলের এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন।
স্কুলে হামলার পর সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজন ছাত্রকে আটক করে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। আরেকজন শিক্ষার্থীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্কুলটি হিউস্টন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
বিবিসির সংবাদদাতারা বলেন, ফ্লোরিডার একটি স্কুলে গত ফেব্রুয়ারি মাসের হামলার পর কোনো স্কুলে এটাই সবচেয়ে বড় আক্রমণ।
ফ্লোরিডার ওই হামলায় ১৭ জন নিহত হয় এবং তারপরই বন্দুক নিয়ন্ত্রণে আইন তৈরির ব্যাপারে সরকারের উপর চাপ তৈরির জন্যে মার্কিন তরুণরা আন্দোলন করছিলো। এর মধ্যেই টেক্সাসের স্কুলে আবারও হামলার ঘটনা ঘটলো।
টেক্সাসে স্কুল কর্তৃপক্ষ এই গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশের শেরিফ গঞ্জালেস বলেছেন, তার কর্মকর্তারা হতাহতের বিষয়গুলো দেখছেন। তবে মোট কতোজন নিহত কিম্বা আহত হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়।
হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স ছুটে গেছে। কাজ করছে একটি বোম্ব স্কোয়াড।
প্রেসিডেন্ট ট্রাম্পও এই হামলাকে 'অত্যন্ত ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, শিক্ষার্থীদেরকে রক্ষায় তার প্রশাসন সর্বাত্মক কাজ করবে জানায়।