মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
এজন্য তাকে চিঠি পাঠিয়ে আগামী মঙ্গলবার পুত্রজায়ায় কমিশনের সদরদপ্তরে হাজির হতে বলা হয়েছে। এর আগে রাজধানী কুয়ালালামপুরে নাজিব রাজাকের সরকারি বাসভবনসহ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে শত শত বাক্সভর্তি বিলাসবহুল সামগ্রী ও ব্যাগভর্তি বিদেশি মুদ্রা জব্দ করে পুলিশ।
নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল থেকে ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগ তদন্তের অংশ হিসেবে পুলিশ এ তল্লাশি অভিযান চালায়।
জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হলো। নির্বাচনের ফলাফল প্রকাশের পর পর নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
তিনি স্ত্রীসহ ছুটি কাটাতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন- এমন আভাস পাওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।