রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা- ইউএসএআইডির প্রধান মার্ক গ্রিন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিন দিনের মিয়ানমার সফর শেষে মার্ক গ্রিন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের কবলে পড়ে দেশ ছেড়ে যাওয়া রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনে উৎসাহিত করতে আন্তরিকতা প্রদর্শনের জন্যও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরও চার কোটি ৪০ লাখ ডলার সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি তিন দিনের মিয়ানমার সফরে যান যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা-ইউএসএআইডি'র প্রধান মার্ক গ্রিন।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যও সফর করেন তিনি।
সফর শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগের ধাপে বাংলাদেশ সফরের সময় রোহিঙ্গাদের সঙ্গে তার কথা হয়েছে, সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার ব্যাপারে ভীত।
সেদিক থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার জন্য সরকারের আন্তরিকতার বিষয়টি জরুরি হয়ে উঠেছে।
গ্রিন জানান, মিয়ানমারে অনেক মুসলিম অসহায় জীবন-যাপন করছে। তারা ঠিক মতো স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছে না, শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছেন।
এ ধরনের অসহায়ত্ব দূর করার জন্যও মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছেন মার্ক।