ঢাকামুখী সৌদি আরবের বিমান সৌদিয়ার একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিবিসি সূ্ত্র মতে, এসভি৩৮১৮ ফ্লাইটটি মদিনা থেকে সোমবার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। তবে রাত ৮টার দিকে বিমানটির হাইড্রোলিক প্রক্রিয়ায় ত্রুটি ও এরপরে সামনের চাকার গিয়ার গুটানোয় সমস্যার কারণে জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। অবতরণকালে বিমানটির সামনের অংশ কিছুটা মাটিতে ঢুকে পড়ে, যার ফলে বিমানটির কিছুটা ক্ষতি হয়।
এ ঘটনায় বিমানটির ১৫১ আরোহীর মধ্যে ৭০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর গুরুতর আহত ৪ জনকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
অবতরণের পর বিমানের যাত্রীদের জরুরিভাবে সরিয়ে বিমান খালি করা হয়। বিমানটিতে ১৫১ আরোহী ছিল, যার মধ্যে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগ আহত যাত্রীদের সেবা দেয়ার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করেছে।