উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের কাছে লিখা হোয়াইট হাউজের এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার কথা ছিল।
চিঠিতে ট্রাম্প বলেছেন বৈঠকে অংশ নিতে তিনি উদগ্রীব ছিলেন। কিন্তু উনের সাম্প্রতিক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও প্রকাশ্য শত্রুতা প্রকাশিত হওয়ায় এ সময়ে বৈঠক সঠিক হবে না বলে মনে করছেন ট্রাম্প।
এর আগে আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে। 'পুংগিয়ে রি' পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গটি ধ্বংস করা হয়। কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকরাও বিস্ফোরণ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষা কেন্দ্রেই সব মিলিয়ে ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। দেশের উত্তর পূর্বাঞ্চলের মাউন্ট মানটাপের নিচে খোঁড়া কয়েকটি সুড়ঙ্গ নিয়েই এ কেন্দ্রটি গড়ে তোলা হয়।