সৌদি আরবের নেতৃত্বে এক বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরবদেশ থেকে পণ্য আমদানী নিষিদ্ধ করেছে দোহা। এসব দেশের পণ্য বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল, ও আকিশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবের নেতৃত্বে এ অবরোধ আরোপ করা হয়।
যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করে আসছে। কাতারে সরকার পরিবর্তনের জন্য আরব দেশগুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ দোহার। এখন কাতারের অর্থ মন্ত্রণালয় সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের বিরুদ্ধে পাল্টা অবরোধ আরোপ করেছে। এ সব দেশের পণ্য দোকান থেকে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পালন করা হচ্ছে কি-না তা তদারকি করবেন পরিদর্শকরা।
তৃতীয় দেশ হয়ে সৌদি আরবের দুগ্ধজাত কোনও পণ্য যেন দেশে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছে কাতার কাতার আগে খাদ্য আমদানীর জন্য উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল কিন্তু আরব দেশগুলোর অবরোধ আরোপের পর দেশটি তুরস্ক, মরক্কো ও ইরান থেকে খাদ্য আমদানী শুরু করে।