যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি নৈশক্লাবে এফবিআইয়ের একজন এজেন্টের নাচের মধ্যে তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র পড়ার পর সেটা থেকে গুলি বেরিয়ে একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে (রাত পৌনে ১টা) মাইল হাই স্পিরিটস ডিস্টিলারি অ্যান্ড টেস্টিং বারে এ ঘটনায় আহত ব্যক্তি আশঙ্কামুক্ত বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, নাচের মধ্যে ডিগবাজি দেন এক ব্যক্তি। ডিগবাজির মাঝামাঝিতে তার কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র মেঝেতে পড়ে। ডিগবাজি শেষে তড়িঘড়ি করে সেটি ধরতে যান ওই ব্যক্তি। ওই সময়ই একটি গুলি বেরিয়ে যায় অস্ত্রটি থেকে।
ডেনভার পুলিশের মুখপাত্র মারিকা পুটনাম বলেন, গুলিটি একজনের পায়ের নিচের দিকে বিদ্ধ হয়েছে।
ওই এফবিআই এজেন্টের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাকে গ্রেপ্তারও করা হয়নি।
ঘটনার সময় তিনি দায়িত্বরত ছিলেন না বলে পুলিশ কর্মকর্তা পুটনাম জানান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত দেবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর।
সিএনএন বলছে, ওই সময় এফবিআই এজেন্ট মাদক সেবন করেছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।