সিঙ্গাপুরে আসন্ন শীর্ষ বৈঠক ভালোভাবে শেষ হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই বৈঠক বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের দপ্তরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন তিনি।
কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর বিষয়টি ওই বৈঠকের সহজ অংশ উল্লেখ করে তিনি বলেন, তারপর যা ঘটবে তা খুবই গুরুত্বপূর্ণ। জানান, কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ দিনের তিক্ততার পর সিঙ্গাপুরের সান্টোস দ্বীপের একটি হোটেলে মিলিত হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্ররা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বাতিল চায়। তবে 'এটি অনেক সময় নেবে' জানিয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার উদ্দেশ্য বুঝতে এক বৈঠকের চেয়ে বেশি সময় লাগবে।