ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজায় দুই মাসের বেশি সময় ধরে চলা গ্রেট রির্টান মার্চের অংশ হিসেবে শুক্রবারও বিক্ষোভ করে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি সীমান্ত বেষ্টনীর কাছে বিক্ষোভের সময় হামলায় আরও ৬ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি'র ফটো সাংবাদিক মোহাম্মদ আবেদ আল-বাবা গুলিবিদ্ধ হয়েছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খরব জানিয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সীমান্ত বেষ্টনীর কাছে বিক্ষোভের সময় ৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যাকার খান ইউনিসে হাইথাম আল-জামাল নামে ১৫ বছরের কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে আহতদের মধ্যে ৯২ জন মারণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুরুতর আহত।