মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করতে রোববার সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
এদিকে, বৈঠকে অংশ নিতে ট্রাম্পও কানাডা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করেন কিম–তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
পরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান উত্তর কোরীয় নেতার একটি ছবিসহ টুইট করেন।
টুইটে তিনি লিখেছেন, চেয়ারম্যান কিম জং-উনকে তিনি স্বাগত জানাচ্ছেন। তিনি মাত্রই সিঙ্গাপুরে এসেছেন।
আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপে ট্রাম্পের সঙ্গে কিমের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এটা হবে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বৈঠক।
রয়টার্স
ট্রাম্প ও কিমের মধ্যকার বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কানাডা ত্যাগের আগে গতকাল শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে বৈঠক নিয়ে তিনি আশাবাদী। কিমও ভালো কিছু চাইছেন বলে মনে করেন তিনি। কিন্তু এবারের বৈঠকে কিম যদি ব্যর্থ হন, তাহলে এ ধরনের সুযোগ তিনি আর পাবেন না।