জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ তিন জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
ভূমিকম্পে ওসাকার কাছাকাছি শিগা, কিয়েতো, নারা অঞ্চল কেঁপে ওঠে। এছাড়াও ভূমিকম্পে ধ্বংস হয়েছে অনেক স্থাপনা।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এর ফলে কোনো সুনামির আশঙ্কা নেই।
ওসাকা'র দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে ঘরের দেয়াল ধসে ৮০ বছরের এক বৃদ্ধ এবং ৮ বছরের এক মেয়েশিশু মারা গেছে।
এছাড়া ইবাড়াকি শহরের কর্মকর্তারা সেখানে আরো একজনের মৃত্যুর খবর জানিয়েছেন।
এদিকে, ভূমিকম্পে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে দুই লাখ মানুষ। পাশাপাশি গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার খবরও পাওয়া গেছে।
ধ্বংস হয়েছে পানির সংযোগ লাইন। সতর্কতা হিসেবে সাময়িক রেল সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ওসাকা বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাও বিলম্বিত করা হয়েছে।