ইথিওপিয়ার নব্য প্রধানমন্ত্রী আবি আহমেদের সমাবেশে স্থানীয় সময় শনিবার বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির রাজধানী আদ্দিস আবাবার ম্যাসকেল স্কয়ারে প্রধানমন্ত্রী আবির সমাবেশ চলাকালে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
হামলার সময় সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন জানিয়ে এ ঘটনাকে প্রধানমন্ত্রী আবি 'যারা তাকে ক্ষমতায় দেখতে চায় না; তাদের ব্যর্থ প্রচেষ্টা' বলে উল্লেখ করেছেন।
বিবিসি’র রিপোর্টে বলা হয়েছে, ম্যাসকেল স্কয়ারে ওই হামলার পর সাথে সাথেই ঘটনাস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এসময় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন।
বেশ কয়েক বছর ধরে ইথিওপিয়ায়উপজাতীয় গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এর অগে দেশটিতে জরুরি অবস্থাও জারি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি দেশটির রাজনৈতিক জোট ইথিওপিয়ান পিপলস রেভুলশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের (ইপিআরডিএফ) নেতা হেইলেমারিয়াম হঠাৎ জোটের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। হেইলেমারিয়ামের পদ ছাড়ার পরই তার উত্তরসূরি হিসেবে ক্ষমতা পান ওরমো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৪২ বছর বয়সী আবি।
মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমতাবলম্বীদের দমন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোেগ রয়েছে ইথিওপিয়ার সরকারের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর সরকারে বেশ কিছু পরিবর্তন আনেন আবি আহমেদ। এর মধ্যে কিছু ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেলও অবরোধমুক্ত করেন তিনি।