মার্কিন গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে।
মার্কিন যেসব পণ্যের বিরুদ্ধে কানাডা সরকার এখন প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে সেগুলো হলো ফ্লোরিডার কমলা লেবুর জুস এবং ওহাইও’র টমেটো কেচাপ। চলতি মাসে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন সরকার বড় রকমের শুল্ক বসিয়েছে। এ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল কানাডা সরকার।
ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর চাপানো শুল্ক থেকে ১৬৬০ কোটি কানাডা ডলার তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ট্রুডো প্রশাসন। সে দেশের জাতীয় ছুটি রবিবারে এই সিদ্ধান্ত কার্যকর হবে। উলটো দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের একদিন আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় ‘একদা মিত্ররাষ্ট্র’ কানাডা প্রত্যক্ষভাবে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল বলে মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।
এ সম্পর্কে হ্যামিল্টনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড বলেন, “আমাদের সামনে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া ছাড়া কোনো পথ নেই এবং আমরা সেটাই করছি। আমরা এ বাণিজ্য যুদ্ধ বাড়াব না আবার আমাদের অবস্থান থেকে সরেও আসব না।” কানাডা ও আমেরিকার মধ্যে বার্ষিক ছয় হাজার ৭৩৯ কোটি ডলারের বাণিজ্য রয়েছে।