থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের গুহায় আটকা পড়া ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে শেষ পর্যন্ত জীবিত খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। গুহায় আটকে পড়া তরুণ ফুটবলারদের জীবিত পাওয়া গেলেও তাদের উদ্ধারে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিশ উদ্ধারকর্মীরা গুহার ভেতরে ১৩ জন জীবিত অবস্থায় সনাক্ত করে। এ সময় গুহার বাইরে সাইকেল ও খেলাধুলার সরঞ্জাম পড়ে থাকতে দেখতে পায়। পরে রয়্যাল থাই নেভির ১৭ সদস্যের একটি ডুবুরি দল গুহায় তল্লাশি অভিযান শুরু করে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গুহা থেকে বের করে আনতে কিশোরদের সাঁতার শিখতে হবে অথবা বন্যার মওসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আটকা পড়াদের জন্য কমপক্ষে ৬ মাসের খাবার পাঠাতে হবে। এদিকে, কিশোর ফুটবলারদের প্রাথমিক চিকিৎসার জন্য আগামী দিনগুলোতে গুহার ভেতরে চিকিৎসক পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী।
গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের গুহায় আটকা পড়ে।