থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার ও কোচকে উদ্ধার করতে গিয়ে এক ডুবুরি মারা গেছেন। গুহা থেকে বের হওয়ার সময় অক্সিজেনের ঘাটতির কারণে স্থানীয় সময় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
বিবিসি সূত্র মতে, সামান গুনান নামের ৩৮ বছর বয়সী ওই উদ্ধারকর্মী থাই নেভির একজন সাবেক সদস্য। গুহায় কিশোরদের আটকে পড়ার খবর শুনে তিনি স্বেচ্ছায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। তার কাজ ছিল অক্সিজেন সরবরাহ করা। সামান গুনার একজন অভিজ্ঞ রানার ও সাইক্লিস্ট ছিলেন।
থাইল্যান্ডের উত্তরে চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হয় দেশটির ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তারা ওই গুহায় প্রবেশের পর একটানা ভারি বর্ষণ শুরু হয়।
বর্ষার পানি আর কাদায় বন্ধ হয়ে যায় গুহার প্রবেশ মুখ। তাদের উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি, সামরিক বাহিনী এবং বেসমারিক স্বেচ্ছাসেবকসহ প্রায় এক হাজার উদ্ধারকারী কাজ করছেন।