দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের মামলায় ৪ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় আদালত।
এনডিটিভি সূত্র মতে, আদালতে আসামিদের আইনজীবী নতুন কোনো যুক্তি দিতে পারেনি। ফলে তাদের আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। এর আগে এ মামলায় ৪ জনকে ফাঁসির সাজা দিয়েছিল দেশটির শীর্ষ আদালত। সাজাপ্রাপ্ত ৪ জনের মধ্যে ৩ জন একটি রিভিউ পিটিশনে তাদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করে।
তবে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর বানুমাথি ও বিচারপতি অশোক ভূষণ ওই আবেদন খারিজ করে এ রায় দেন।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসের মধ্যে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে ধর্ষণের পাশাপাশি বেধড়ক মারধর ও নির্মম অত্যাচার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দেয় ধর্ষকরা। ১৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান নির্ভয়া। এরপরই রাজধানী দিল্লিসহ ভারতজুড়ে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় মোট ৬ জন আসামি। তাদের মধ্যে বাস কন্ডাক্টর রাম জেলের মধ্যে আত্মহত্যা করে। আরেক আসামি মাত্র কয়েকদিনের জন্য ১৮ বছর না হওয়ায় কিশোর আদালতে তার বিচার হয়। পরে তিন বছর হোমে কাটিয়ে ছাড়া পায় ওই আসামি।