উত্তর কোরিয়া তাদের অন্যতম প্রধান একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভেঙে ফেলার কাজ শুরু করেছে।
উপগ্রহের ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এ খবর জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পিয়ংইয়ং উৎক্ষেপণ কেন্দ্রটির একাংশ ধ্বংসের কাজ শুরু করেছে।
দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত এ কেন্দ্রটিকে পিয়ংইয়ং উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহার করত।
তবে মার্কিন কর্মকর্তাদের সন্দেহ এখান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালাত উত্তর কোরিয়া।
সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকে কিম একটি রকেট ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এটি ওই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই প্রাথমিক পদক্ষেপ।
ওয়াশিংটনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পিয়ংইয়ং আগ্রহী কিনা এ নিয়ে বিশ্বজুড়ে যখন বির্তক চলছে তখনই মিলল এ খবর।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়া সীমান্তে দেশটি তাদের সৈন্য ও অস্ত্রসরঞ্জাম কমিয়ে আনবে।