দেশের আদালতগুলোর মামলা জট কমাতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার—স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত জেলা কোর্ট সমন্বয় কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এসব নির্দেশনা দেন তিনি।
এদিকে, সারাদেশে রাজনৈতিক হস্তক্ষেপে যাতে সরকারি জমি বেদখল হতে না পারে সেদিকে নজর দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে মামলার জট কমানো, দেশজুড়ে মাদক বিরোধী অভিযানের বিষয় ছিল আলোচনার প্রধান বিষয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, মাদক বিরোধী অভিযানে স্থানীয় প্রশাসন বিশেষ ভূমিকা রাখছে। মাদক আইনে যেসব অসঙ্গতি রয়েছে তা ঠিক করতে আইন সংশোধন করা হবে।
মামলার জট প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশে ৩৪ লাখ মামলা অনিষ্পত্তি রয়েছে। এসব মামলা দ্রুত নিস্পত্তি করতে একটি কমিটি গঠন করা হবে। জেলা জজের নেতৃত্বে গঠিত কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে জানান মন্ত্রী।
আর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, সারাদেশে সরকারি জমিতে রাজনৈতিক দলের অফিস নির্মাণ রয়েছে তা দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করা যাবে না জেলা প্রশাসকদের।
আইন শৃঙ্খলা ঠিক রাখতে জেলা প্রশাসকের দিক নির্দেশনা দিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।