পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ইমরান খান।
বুধবার অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে তার দল পিটিআই পেয়েছে ১১০টি আসন, প্রতিদ্বন্দ্বী নওয়াজের মুসলিম লীগ পেয়েছে ৬৩টি আসন। সরকার গঠনে দরকা ১৩৭টি আসন। পিটিআই তা অর্জনে ব্যর্থ হলেও ছোট দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে।
এদিকে, এরই মধ্যে বিজয় ভাষণ দিয়ে সাধারণ মানুষের ভাগ্য বদলের মাধ্যমে নয়া পাকিস্তানের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন ইমরান। জানিয়েছেন চীন ও চির বৈরি ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ের কথা।
ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই গত বুধবার পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বচন। নির্বাচনে মোট আসন সংখ্যা ২৭৪টি হলেও দু'জায়গায় ভোট স্থগিত হওয়ায় ভোটগ্রহণ হয় ২৭২ আসনে। ৮ হাজারের বেশি ভোটকেন্দ্রে ১০ কোটি ৬০ লাখ ভোটারের ভোট নেওয়ার ব্যবস্থা হলেও ভোটের হার বেশ কম ছিল।
শুক্রবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত আংশিক ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন দুই যুগ আগে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে দেওয়া ইমরান খানের তেহরিক ই ইনসাফ-পিটিআই। ২৭২ আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১০টি আসন, প্রতিদ্বন্দ্বী নওয়াজের মুসলিম লীগ পেয়েছে ৬৩টি আসন।
সরকার গঠনে কোনো দলকে ১৩৭ আসনে বিজয়ী হতে হবে। পিটিআই তা অর্জনে ব্যর্থ হলেও আঞ্চলিক ও ছোট দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানী ইসলামাবাদের কাছে নিজ বাড়িতে বিজয় ভাষণ দিয়ে সাধারণ মানুষের ভাগ্য বদলের মাধ্যমে নয়া পাকিস্তানের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন ইমরান। জানিয়েছেন, চীন ও চির বৈরি ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ের কথা।
ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগেই কারচুপির অভিযোগ তোলেন নওয়াজ শরিফের দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। একই অভিযোগ তোলেন পিপিপি নেতা মওলা বক্স চান্দিও এবং আরো কয়েকটি দলের নেতা।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই গণনায় দেরি হচ্ছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই। নির্বাচন শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, নির্বাচন ঘিরে পুরো পাকিস্তানে প্রায় পৌনে ৪ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও সহিংসতা থেমে ছিল না। ভোটগ্রহণের সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হন।