পাকিস্তানের নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করেছে নেওয়াজ শরীফের মুসলিম লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
এক সংবাদ সম্মেলনে দলগুলো আবারো নির্বাচন দাবি করেছে।
এতে ইমরান খানের পিটিআইয়ের সঙ্গে জোট বাধতে চাওয়া মুত্তাহিদ কওমী মুভমেন্টের নেতা ড. ফারুখ সাত্তারও উপস্থিত ছিলেন।
শুক্রবার এমএমএ নেতা মিয়ান আসলামের ইসলামাদের বাসায় অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।
মুত্তাহিদ মজলিশ-ই-আমল দলের সভাপতি মওলানা ফজলুর রেহমান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে অংশ নেয়া দলগুলোর জয়ী প্রার্থীরা শপথ অনুষ্ঠান বর্জন করবেন।
তবে নেওয়াজের ভাই শাহবাজ শরীফ বলেন, এমন সিদ্ধান্ত নেয়ার আগে দলের সাথে আলোচনা করতে হবে।
দুই-এক দিনের মধ্যে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য সর্বদলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অংশ নেয়া অন্যান্য দলের নেতারা সামরিক অফিসারদের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, নির্বাচনে রিটানিং ও প্রিজাইডিং অফিসাররা একটি বিশেষ প্রতিষ্ঠানের কাছে জিম্মি ছিলেন।
এদিকে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া পিটিআই জোট সরকারের গঠনের কাজ শুরু করেছে বলে জানা গেছে।