ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যে খসড়া নাগরিকপঞ্জির সংশোধিত তালিকা থেকে ৪০ লাখ বাসিন্দাকে বাদ দেয়ার কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দিল্লি রওয়ানা হওয়ার আগে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যারা ক্ষমতাসীন বিজেপিকে ভোট দেয়নি তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে মমতা বলেন, তারা ভারতীয়দের তাদের নিজ দেশেই শরণার্থী বানিয়ে ছেড়েছে।
এভাবে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ক্ষমতা চিরস্থায়ী করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বলেন, এ রকম বড় একটি পদক্ষেপ নেয়ার আগে আসাম সরকারের প্রতিবেশী পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।
এদিকে, সোমবার পার্লামেন্টে মমতা ছাড়াও প্রধান বিরোধীদল কংগ্রেস, সিপিএম ও সমাজবাদী দল এই তালিকার বিরোধিতা করেছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বলেন, কিছু মানুষ অকারণে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে— এটি একটি খসড়া তালিকা চূড়ান্ত কিছু নয়।