সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে।
গতকাল সারমাদা শহরে একটি আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত অস্ত্র গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই গুদামটি আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে— ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। তাদের বেশির ভাগই হোমস প্রদেশ থেকে বাস্তুচ্যুত হওয়া মানুষ।
অবজারভেটরি এবং সংবাদদাতারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে— বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
ধ্বংসাবশেষ সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে এবং সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে।
সিরিয়ায় ইদলিব প্রদেশটিই বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা। সিরিয়ার সশস্ত্র বাহিনীর পরবর্তী টার্গেট হচ্ছে এ প্রদেশ।