লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান চলাকালে ব্যাপক সংঘর্ষ ও বিশৃঙ্খলা তৈরি হয়। এতে এক পর্যায়ে দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। সে ঘটনার একটি মামলা আদালতে বিচারাধীন ছিল।
এতে রাজধানী ত্রিপোলিতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪৫ ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে।
রায়ে অভিযুক্ত আরও ৫৪ জনের প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে— অপর ২২ জন খালাস পেয়েছেন।
মূলত বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর গুলি চালানোর ঘটনার বিচার করা হয়েছে এ মামলায়। এ ঘটনায় কখন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিচার করা হয়েছে সেসব বিস্তারিত জানানো হয়নি।
বুধবার লিবিয়ার একটি আপিল আদালত এ রায় দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।
বিচার মন্ত্রণালয়ের এক কমর্কর্তা জানিয়েছেন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলি থেকে পালিয়ে যাওয়ার ও ক্ষমতাচ্যুত হওয়ার অল্প সময় আগে তার অনুগত বাহিনীগুলোর দ্বারা সংঘটিত হয় নানা হত্যাকাণ্ড। (সূত্র : বিবিসি)