যাজকদের হাতে শিশু নির্যাতনের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভ্যাটিকান।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার গ্র্যান্ড জুরি- যাজকের হাতে শিশু নিপীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরে ধিক্কার জানানোর দুদিন পর বৃহস্পতিবার এক বিবৃতিতে ভ্যাটিকান এ ঘটনাকে 'অপরাধ ও নৈতিকভাবে নিন্দনীয়' বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে।
ভ্যাটিকান গণমাধ্যম কার্যালয়ের পরিচালক গ্রেগ বুরকে বিবৃতিতে বলেছেন, এ সপ্তাহে পেনসিলভেনিয়া এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার পর এই ভয়াবহ অপরাধের মুখে পড়ে দুটো শব্দেই শুধু অনুভূতি প্রকাশ করা যায়-লজ্জা ও দুঃখ।
তিনি আরো বলেন, পেনসিলভেনিয়ার গ্র্যান্ড জুরির দীর্ঘ সময় ধরে করা এ তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভ্যাটিকান। শিশুদের ওপর যৌন হয়রানির এ ঘটনায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাচ্ছে তারা।
গত মঙ্গলবার যাজকের হাতে শিশু নিপীড়নের এ ভয়াবহ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরির প্রতিবেদনে।
সিএনএন-এর প্রতিবেদনে বলছে, পেনসিলভানিয়ার তিন শতাধিক যাজক সাত দশক ধরে এক হাজারেরও বেশি শিশুকে নির্যাতন করেছেন। দিনের পর দিন এসব ঘটনা ধামাচাপা দিয়েছে ক্যাথলিক চার্চ।