পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শুক্রবার) পাকিস্তানের ইসলামাবাদে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এর সাথে সাক্ষাৎকালে বলেছেন, ইরানের সঙ্গে সার্বিক সম্পর্ক উন্নয়নের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে চান। তিনি আরও বলেছেন, ‘ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা খুবই জরুরি ইসলামাবাদের।’
ইমরান খান ইরানের সঙ্গে সব ক্ষেত্রেই বিশেষ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন।
দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা ইস্যু নিয়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইসলামাবাদ গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপচেষ্টার মোকাবিলায় তেহরান ও ইসলামাবাদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া তিনি পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
এর আগে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সে সময় বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মানবে না।’
সূত্র: ডন