রোহিঙ্গা নিপীড়নের সংবাদ সংগ্রহের দায়ে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমার সরকার। এ দুই সাংবাদিকের মুক্তির আহবান জানিয়েছে জাতিসংঘ।
সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে মিশেল ব্যাচেলেট বলেন, মিয়ানমারে যে আইনি প্রক্রিয়ায় দুই সাংবাদিকের দণ্ড হয়েছে তাতে স্পষ্টভাবেই আন্তর্জাতিক মান লঙ্ঘন করা হয়েছে।
তিনি আরো বলেন, এর মাধ্যমে যে বার্তাটি দেয়া হলো তা হচ্ছে— মিয়ানমারের অন্য সাংবাদিকরা ভয়ডরহীনভাবে কাজ করতে পারবে না। তাদের বরং নিজে থেকে সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে অথবা বিচারের মুখোমুখি হতে হবে।
প্রসঙ্গত. মিয়ানমারের একটি আদালত রোহিঙ্গাদের নিয়ে তথ্য সংগ্রহকারী রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওকে কারাদণ্ড দেয়। সোমবার রাজধানীর ইয়াঙ্গুনের দক্ষিণ জেলা জজ ইয়ে লইন এ রায় দেন। এ সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ করার জন্য তাদের দায়ী করা হয়।