সহকামিতা ভারতে আর অপরাধ নয়—ঐতিহাসিক এক রায়ে ভারতের সর্বোচ্চ আদালত বৈধতা দিয়েছে সমকামিতাকে। এ রায়ের মধ্যে দিয়ে উপনিবেশ আমলের আইনের ৩৭৭ ধারার সংস্কার হল।
ভারতের প্রধান বিচারপতি দীপক মিসরা রায়ের পর্যবেক্ষণে বলেন, প্রত্যেক নাগরিককে তার ব্যক্তি স্বাধীনতা চর্চার সুযোগ দিতে হবে।
এ রায়ের মধ্যে দিয়ে কুসংস্কারপূর্ণ একটি আইনের সংস্কার ও নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা আরও শক্তিশালী হয়েছে বলে রায়ে উল্লেখ করেন তিনি।
২০১৩ সালে দিল্লীর হাইকোর্ট সমকামীতা বিষয়ে ৩৭৭ ধারা বাতিল বা পূর্ণমূল্যায়নের এখতিয়ার পার্লামেন্টের বলে রায় দিয়েছিলেন। ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা একটি জঘন্য অপরাধ।
২০০৯ সালে নাজ নামে একটি সমকামী সংগঠন ও পাঁচ বিশিষ্ট নাগরিক আদালতে এ আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। অনেক দিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ভারতের বিশিষ্টজনরা এই পুরোনো আইনটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।
সরকারের অনিচ্ছায় এতোদিন তা আটকে ছিল। অবশেষে এ রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা সমকামীদের দাবী প্রতিষ্ঠা পেল।