ভারতের তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার শিশুসহ কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যটির জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এনডিটিভি।
প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে মোট ৭০ জন আরোহী ছিল। বাসটি কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে ফিরছিল।
কর্মকর্তারা জানান, শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোড থেকে ছিটকে বাসটি পাশের উপত্যকায় পড়ে যায়। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে নিজেদের এলাকায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ তদারক করা জাগিতালের জেলা কালেক্টর এ শরৎ ফোনে পিটিআইকে বলেন, সকাল ১১টা ৪৫ মিনিট (স্থানীয় সময়) থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।
ভারতের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনা এড়াতে ঘাট রোডে চলাচলের বিষয়ে স্থায়ী নির্দেশাবলী ও বিধিনিষেধ দেয়া আছে।