স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার একজোট হয়ে 'রাজনৈতিক আক্রমণ' শুরু করেছে। সেই লক্ষ্য থেকেই অস্পষ্ট আইনে সাংবাদিকদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে মনে করে জাতিসংঘ।
রয়টার্সের দুই সাংবাদিককে সাজা দেওয়ার সাম্প্রতিক ঘটনাসহ পাঁচটি ঘটনা পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওকে গত ৩ সেপ্টেম্বর ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেয় ইয়াংগনের একটি আদালত।
ওই ঘটনাকে মিয়ানমারে সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিচারিক হয়রানির 'ভয়ঙ্কর এবং হাই প্রোফাইল উদাহরণ' হিসেবে বর্ণনা করা হয়েছে এ প্রতিবেদনে।
তবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্ট কিয়াও।