মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সংকটকে 'আরও ভালোভাবে সামলানো যেত' বলে মনে করেন দেশটির নেত্রী অং সান সু চি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে তিনি এ মন্তব্য করেন।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের পাশাপাশি মিয়ানমারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দণ্ডিত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক প্রসঙ্গেও কথা বলেন সু চি।
সু চি বলেন, কোনও উপায় অবশ্যই ছিল; যাতে রাখাইনের পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো যেত।
তিনি বলেন, তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং স্থিতিশীলতা চাইলে আমাদের হতে হবে পক্ষপাতহীন। নির্দিষ্ট কোনও পক্ষকে আইনে সুরক্ষা দেয়ার পথ আমরা গ্রহণ করতে পারি না।
রোহিঙ্গা সংকট নিয়ে সংবাদ প্রচারের ঘটনায় রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছর করে দণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তাদের আপিলের সুযোগ রয়েছে বলে জানান সু চি।
জাতিসংঘের একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায় থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে।
রাখাইনে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলার ঘটনার পর গত বছরর ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু হয়। হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি দেয়ার মতো সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে মানুষ।
এখনও পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত দিয়ে কক্সাবাজারের টেকনাফ ও আশপাশের এলাকায় এসে বসতি স্থাপন করে আছে। জাতিসংঘ রাখাইনের ওই ঘটনাকে বলেছে, 'জাতিগত নিধন'।
আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদর ফিরিয়ে নিতে মিয়ানমার গত ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখনও শুরু করা যায়নি প্রত্যাবাসন।