মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন বিরোধীজোট প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। প্রাথমিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেছে মালদ্বীপের নির্বাচন কমিশন। জনমত ভোটে ৫৮.৩% ভোটে পেয়ে বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন তিনি।
সোমবার সকালে মালদ্বীপের নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। কমিশনের একজন কর্মকর্তারা বলেন, রোববারের এ নির্বাচনে প্রায় ৮৮% ভোট পড়েছে।
ফলাফল পরবর্তী এক সংবাদ সম্মেলনে, মালদিভান ডেমোক্রেটিক দলের বিজয়ী প্রার্থী সোলিহ, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিনকে জনগণের এ রায় মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
এ সময় সকল রাজবন্দীর দ্রুত মুক্তিরও দাবি জানিয়ে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ মালদ্বীপ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
দেশটির নির্বাসিত নেতা ও বিরোধীদলীয় জোট প্রধান মোহম্মাদ নাসেদ এএফপিকে বলেন, জনগণের রায় মেনে নেয়া ছাড়া কোনো বিকল্প নেই ইয়ামিনের সামনে।
আঞ্চলিক প্রভাব বিস্তারে ভারত ও চীনের টানাপোড়ানে চীন বরাবরই ইয়ামিনকে সমর্থন করে আসছে। আর অপর পক্ষে ভারত সমর্থন করে ২০০৮ সালের নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাসিত নেতা মোহাম্মদ নাসেদকে।